Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১৭:১০
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম
ছবি: সংগৃহীত

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদানের একটি নতুন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী চালু করার উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ।

বিজ্ঞাপন

তিনি লেখেন, দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য এ ধরনের ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ আয়োজনের মাধ্যমে এমন অনেক মানুষ একত্রিত হয়েছেন যাদের সমাজ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা করে। মানুষের জীবনের বিভিন্ন সংকটময় মুহূর্তে তারা ধর্মীয় ও নৈতিক দিকনির্দেশনা দিয়ে থাকেন।

তিনি আরও জানান, অনুষ্ঠানে ইসলাম ধর্মের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাও অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সহায়তায় সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির আলোকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই নতুন কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD