এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তবে ছড়িয়ে পড়া বিষয়টি গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের প্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শো’তে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে’ সেখানে আমি কথা বলতে পারি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিজের রাজনৈতিক আদর্শ, নীতিমালা ও দীর্ঘদিনের চিন্তাভাবনাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সংসদে অল্প সময় কথা বলার সুযোগের জন্য দল পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়। রাজনীতিতে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে আদর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।








