Logo

‘মবের শহরে’ পরিণত হয়েছে দেশ, সংসদে রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭
‘মবের শহরে’ পরিণত হয়েছে দেশ, সংসদে রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাড়তে থাকা ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, গত প্রায় দেড় বছরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেশ কার্যত ‘মবের শহরে’ পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদে ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি—কোথাও আজ জননিরাপত্তা নিশ্চিত নেই। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানদের মব করার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ এবং সুপ্রিম কোর্টের লইয়ার্স রুমেও মবের ঘটনা ঘটেছে, যা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে দেড় বছর আগে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের চিত্রই তুলে ধরছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রী কয়েক দফা আশ্বস্ত করেছিলেন যে, বাংলাদেশে আর মব কালচার থাকবে না এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে একটির পর একটি ঘটনা ঘটেই চলেছে। মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই তারা এই ধরনের নৈরাজ্যকর সংস্কৃতির দিকে ধাবিত হয়।

মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ এবং বৈষম্য বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সর্বোপরি অপরাধের বিচার না হওয়ার যে সংস্কৃতি, তা এই পরিস্থিতির জন্য দায়ী। দেড় বছর আগে চট্টগ্রামে যে ব্যক্তিটিকে পিটিয়ে মারা হয়েছিল, তার বিচার এখন পর্যন্ত না হওয়ার উদাহরণ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব কালচারকে আরও উসকে দিচ্ছে। বক্তব্যের শেষ দিকে তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD