শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে: জিএম কাদের

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের কথোপকথনের বিষয়টি প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সেই আলাপ ছিল কেবল সৌজন্যমূলক এবং এতে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জিএম কাদের নিজেই এ তথ্য জানান।
উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, তবে সেখানে বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। মূলত কুশল বিনিময়ের মধ্যেই কথোপকথন সীমাবদ্ধ ছিল এবং শেখ হাসিনা নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া কিংবা আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, এ ধরনের কোনো বিষয়ই উঠে আসেনি। তিনি বলেন, “কেমন আছেন, ভালো আছেন—এই ধরনের কথাই হয়েছে।”
এ বিষয়ে আরও ব্যাখ্যা দিয়ে জিএম কাদের উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি রাজনৈতিক সম্পর্ক না থাকায় এ ধরনের কোনো আলাপের সুযোগও তৈরি হয়নি।
বিজ্ঞাপন
তবে এই কথোপকথন ঠিক কবে হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। পরবর্তীতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। তবে জাতীয় পার্টির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।








