বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন যেসব নেতার স্ত্রী-সন্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকায় দলের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতাদের স্ত্রী ও কন্যারাও স্থান পেয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।
বিজ্ঞাপন
তবে মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সংরক্ষিত নারী আসনে যোগ্যতা, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এরপরও ঘোষিত তালিকায় বেশ কয়েকজন পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বিএনপির ঘোষিত তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এক হাজার ২৫টি। এর মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছে।
এর আগে গত ১৭ ও ১৮ এপ্রিল সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎকার শেষে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।








