আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যেসব পরিচিত মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। ঘোষিত তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীরা জায়গা পেলেও আলোচনায় থাকা বেশ কয়েকজন পরিচিত মুখ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথি। তবে শেষ পর্যন্ত ঘোষিত তালিকায় তাদের কারও নাম স্থান পায়নি।
বিজ্ঞাপন
এছাড়া মডেল মেঘনা আলম ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও মনোনয়ন ফরম সংগ্রহ করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নিয়ে আলোচনা ছিল, তাদের মধ্যেও অনেকেই মনোনয়নবঞ্চিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী এবং মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।
এছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজন নেত্রী ও রাজনৈতিক পরিবারের সদস্যও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
বিজ্ঞাপন
দলীয় সূত্র বলছে, এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য বিপুলসংখ্যক আগ্রহী প্রার্থী ফরম সংগ্রহ করেছিলেন। ফলে শেষ পর্যন্ত সীমিত সংখ্যক আসনের জন্য প্রতিযোগিতা ছিল তীব্র।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং সাংগঠনিক অবদানের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। তবে ঘোষিত তালিকার বাইরে থাকা পরিচিত কয়েকটি নাম নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।








