এলপিজির দাম কমাতে সরকারের প্রতি আহ্বান আখতার হোসেনের

এলপিজি গ্যাসের বাড়তি মূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার আহ্বান জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য দিয়ে তিনি এ দাবি তোলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে চাপ তৈরি হয়েছে। তবে বাস্তবে সংকটের পাশাপাশি কৃত্রিম সমস্যাও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। এসব বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন।
আখতার হোসেন বলেন, হঠাৎ করে এলপিজির দাম বাড়ানোয় সাধারণ মানুষ, বিশেষ করে যারা রান্নাবান্না ও উৎপাদন কাজে গ্যাস ব্যবহার করেন, তারা চাপে পড়েছেন। এই মূল্যবৃদ্ধি জনজীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম রাতারাতি বাড়ানোর সিদ্ধান্ত মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশীয় পর্যায়ে মজুতদারি ও বাজার নিয়ন্ত্রণে দুর্বলতাও এ পরিস্থিতির জন্য দায়ী হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।








