চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। দলের নগর শাখার শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত নগর জামায়াতের শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নগর আমির নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। এতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, এর আগে নগরের দায়িত্বশীলদের এক সভায় শামসুজ্জামান হেলালীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি আসন্ন নির্বাচনে দলের পক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে মহানগর কমিটি কাজ করছে এবং তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শামসুজ্জামান হেলালী পূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন।








