Logo

সংসদে গাড়ি সুবিধা চাওয়ার প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৬:৪৮
সংসদে গাড়ি সুবিধা চাওয়ার প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা চাওয়ার বিষয়টি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাগরিক পার্টি (এনসিপি)-এর এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনোভাবেই ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি তিনি করেননি; বরং সরকারি দায়িত্ব পালনের সুবিধার্থে অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো একটি গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সরকার ও বিরোধীদল উভয় পক্ষই দীর্ঘদিনের প্রচলিত ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার বিষয়ে একমত হয়েছে। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি আগের দিন সংসদে বক্তব্য দিয়েছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, স্থানীয় সরকার প্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যেমন সরকারি কাজের প্রয়োজনে গাড়ি ব্যবহার করেন, সংসদ সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের একটি ব্যবস্থার প্রস্তাব তিনি দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এই গাড়ি হবে সরকারি মালিকানাধীন এবং একজন এমপি তার দায়িত্বকালীন সময় পর্যন্ত এটি ব্যবহার করবেন। মেয়াদ শেষে গাড়িটি আবার সরকারের কাছে ফেরত যাবে।

বিজ্ঞাপন

এমপি হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অনেকের নিজস্ব গাড়ি না থাকায় এই অর্থের যথাযথ ব্যবহার সম্ভব হয় না। তাই ব্যক্তিগত মালিকানার গাড়ির পরিবর্তে সরকারি মালিকানাধীন একটি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা আরও যৌক্তিক হবে বলে মনে করেন তিনি।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি গ্রহণ না করার বিষয়ে সংসদের সব সদস্য একমত হয়েছেন এবং এটি একটি ইতিবাচক নজির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রস্তাবও সেই সিদ্ধান্তের পরিপন্থী নয়, বরং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD