মনিরা শারমিনের প্রার্থিতা ইস্যু সমাধান সম্ভব: আসিফ মাহমুদ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত হওয়া নিয়ে এখনও আইনি সুযোগ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে দলটি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মনে করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া সম্ভব।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক আহত সাংবাদিককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, মনিরা শারমিনের ক্ষেত্রে সরকারি চাকরি সংক্রান্ত যে তিন বছরের শর্তের বিষয়টি সামনে এসেছে, তা অন্যান্য জটিল ইস্যুর মতো নয়। যেমন—ঋণ খেলাপি বা বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার তুলনায় এটি অপেক্ষাকৃত সহজ সমাধানযোগ্য। তবে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার কথাও উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রার্থিতা স্থগিতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কিংবা রিট করার সুযোগ রয়েছে। এসব আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি যেন কোনোভাবেই সংঘর্ষে রূপ না নেয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
বিজ্ঞাপন
এর আগে, নির্বাচন কমিশন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন না। এই বিধানকে কেন্দ্র করেই মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে।








