Logo

জায়ামাত-শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৬:৫২
জায়ামাত-শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে সমালোচনা করেন, তারা নিজেরাই দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেছেন। জনগণ প্রকৃতপক্ষে কারা আড়ালে ছিল, তা ভালোভাবেই জানে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্ক মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির ‘গুপ্ত উপদেষ্টা’ ছিল, যারা পরে মন্ত্রী হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত ‘গুপ্ত’ কারা—তা জনগণের কাছে স্পষ্ট।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ বহুবার জীবন দিয়েছে, তবে আর রক্ত দিতে চায় না। তার ভাষায়, সরকার আবারও কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঝিনাইদহের মানুষ অতীতে দীর্ঘ সময় দমন-পীড়নের মধ্যে ছিল। জনগণের ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও আবার সেই ধরনের শাসন ফিরে আসার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, সরকার কার্যত অগ্রগতিতে বাধাগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে নানা কৌশল নিচ্ছে। সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একাধিক রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দ্বিমত পোষণ করেছে এবং এখন গণভোটের ফলাফলকে অস্বীকার করতে চাচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে। ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD