বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ঢাকা মহানগরের এনসিপির আহ্বায়ক

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির সদস্যসচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে।
বিজ্ঞাপন
রোববার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে দলের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বিরোধী রাজনীতির ধারাবাহিকতায় নতুন প্ল্যাটফর্মেও সক্রিয় থাকবেন।
বিজ্ঞাপন
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে, ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে তিনি ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ১১ হাজার ৫১৭ ভোট পান।








