Logo

শ্রমিকদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে: ফয়জুল করীম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৬:১৫
শ্রমিকদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে: ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই শ্রমিকরা বিভিন্নভাবে বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ অপরিহার্য।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা হিসেবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচয়পত্র চালু করা প্রয়োজন। এই পরিচয়পত্রের আওতায় শ্রমিকদের চিকিৎসা সুবিধা, খাদ্য নিরাপত্তা এবং আবাসনের নিশ্চয়তা নিশ্চিত করা গেলে তাদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের নির্বাচনে ইসলামের স্বার্থে তার দল আপসের পথ পরিহার করেছে। অন্য রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে গোপন সমঝোতার অভিযোগ এনে তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় প্রকাশ্য ও স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে পুরোনো মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যু নতুন করে সামনে আনা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিনি জানতে চান, তারা শরীয়াহভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে নাকি বর্তমান ব্যবস্থার পক্ষে অবস্থান নিচ্ছে—এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

ফয়জুল করীম অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচন ছিল আপস ও সমঝোতার ফল, যার কারণে বিরোধী দলগুলোর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। ইসলামের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায় তার দলকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি শিক্ষাখাত নিয়েও বক্তব্য দেন। প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এটি শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে সহায়ক হবে। পাশাপাশি দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরির অভিযোগ তুলে তিনি তা বন্ধের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা, যারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD