Logo

শ্রমিকের কণ্ঠে শ্রমিক নেতা, বিএনপির সমাবেশে জনস্রোত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৬:২৪
শ্রমিকের কণ্ঠে শ্রমিক নেতা, বিএনপির সমাবেশে জনস্রোত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে জুমার নামাজের পরপরই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দলীয় কার্যালয়ের সামনে সড়কজুড়ে অনুষ্ঠিতব্য এ সমাবেশে যোগ দিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে শ্রমিক ও সমর্থকেরা দলে দলে এসে জড়ো হচ্ছেন।

বিজ্ঞাপন

সমাবেশকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেছে প্রবল উৎসাহ-উদ্দীপনা। লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও বাদ্যযন্ত্র হাতে নিয়ে অনেকেই উপস্থিত হয়েছেন। স্লোগান আর করতালিতে মুখর হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা, যেখানে হাজারো মানুষের উপস্থিতিতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সমাবেশে অংশ নেওয়া এক শ্রমিক নেতা কবির খান বলেন, এবারের মে দিবসের এই আয়োজন শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিকে নতুন করে জোরালোভাবে সামনে নিয়ে আসবে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।

আরেক অংশগ্রহণকারী হুমায়ুন জানান, সকাল থেকেই তিনি সমাবেশস্থলে অবস্থান করছেন কেবল নেতাকে সামনে থেকে দেখার জন্য। নিজের পরিচয় শ্রমিক হিসেবে তুলে ধরে তিনি বলেন, আমাদের নেতা দেশের জন্য কাজ করেন, আর আমরা নিজেদের জীবিকার জন্য পরিশ্রম করি—এই বন্ধনই আমাদের একত্রিত করেছে।

সমাবেশ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে ইতোমধ্যে বড় পরিসরে মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি শোভা পাচ্ছে।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আশপাশের ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে, যাতে সমাবেশের বক্তব্য দূর-দূরান্ত পর্যন্ত পৌঁছানো যায়। একই সঙ্গে প্রধান অতিথির আগমনকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করেছেন।

সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা এই সমাবেশকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD