Logo

জাতীয় পর্যায়ে মানসম্মত ন্যূনতম মজুরি এখনো হয়নি: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৭:৫৮
জাতীয় পর্যায়ে মানসম্মত ন্যূনতম মজুরি এখনো হয়নি: রিজভী
ছবি: সংগৃহীত

দেশে বিভিন্ন খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও জাতীয়ভাবে একটি অভিন্ন ও মানসম্মত ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের একটি স্ট্যান্ডার্ড কাঠামো জরুরি।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রিজভী তার বক্তব্যে বলেন, বিশ্বে বহু আগে থেকেই ন্যূনতম মজুরির ধারণা প্রচলিত।

বিজ্ঞাপন

ইতিহাসের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, প্রায় ১৩০ বছর আগে জার্মানির তৎকালীন চ্যান্সেলর বিসমার্ক প্রথম এই ধারণার কথা বলেছিলেন। পরবর্তীতে বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলনের মাধ্যমে এ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশে এখনো একটি জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শ্রমিকবান্ধব নীতিনির্ধারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শ্রমিকদের নামে বর্তমানে লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই এখনো নিষ্পত্তি হয়নি। এতে শ্রমিকদের ভোগান্তি বাড়ছে।

বিজ্ঞাপন

রিজভী প্রশ্ন তোলেন, শ্রমিকরা কি আদালতে মামলা চালাবে, নাকি উৎপাদনমুখী কাজে যুক্ত থাকবে? তার মতে, দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ, তাই তাদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে থাকা পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। জাতীয় নীতিমালার আওতায় এসব শিল্প প্রতিষ্ঠান সচল করা হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের সম্পদও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় আদমজী জুট মিল এলাকায় ২১০ মেগাওয়াট এবং গাজীপুরে ৮০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। তবে পরবর্তীতে সেগুলো বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে ভবিষ্যতে নীতিনির্ধারকরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD