Logo

নির্বাচনে সাদিক কায়েমকে ঘিরে জল্পনা, সুযোগ নেই বললো শিবির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৬:৩৭
নির্বাচনে সাদিক কায়েমকে ঘিরে জল্পনা, সুযোগ নেই বললো শিবির
সাদিক কায়েম | ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার (০১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের এক সম্মেলনে এ প্রসঙ্গ উঠে আসে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সম্মেলনে দলের কয়েকজন দায়িত্বশীল সাদিক কায়েমের নাম মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব করেন।

বিজ্ঞাপন

তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বশীল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রার্থী মনোনয়নের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। কেন্দ্রীয়ভাবে অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দল শিগগিরই প্রার্থী চূড়ান্ত করবে।

বিজ্ঞাপন

এদিকে সাদিক কায়েমকে ঘিরে প্রচারিত এ সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, শিবিরের কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়া নিয়মবিরুদ্ধ। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, দায়িত্ব শেষ করার পরই কেবল কেউ অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। বর্তমানে দায়িত্বে থাকা কাউকে ঘিরে এ ধরনের প্রচার বিভ্রান্তিকর—এমন মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD