Logo

স্বৈরাচাররা শ্রমজীবী মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৮:১৩
স্বৈরাচাররা শ্রমজীবী মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, অতীতের স্বৈরশাসন শ্রমজীবী মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং দেশের অর্থনীতি একটি সীমিত গোষ্ঠীর লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টন এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, শ্রমজীবী পরিবারের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কৃষক কার্ড চালুর প্রক্রিয়াও এগিয়ে চলছে।

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, দেশের বড় একটি জনগোষ্ঠী গ্রামে বসবাস করলেও তারা সময়মতো প্রয়োজনীয় পানি সুবিধা থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে খাল পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, কৃষক ও শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। একইসঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দেশের খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত হলে সামগ্রিকভাবে দেশও এগিয়ে যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD