Logo

শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৮:২৪
শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কথা একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। সেজন্যেই শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করেন। আজ শ্রমিক ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের উন্নয়নের লক্ষ্য একটাই—রাষ্ট্র গঠন ও মানুষের জীবনমানের উন্নয়ন। এ লক্ষ্যে শ্রমিকরা শিল্প, কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে অবদান রেখে চলেছেন। তাদের এই অবদানের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজ নামও শ্রমিকদের তালিকায় অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শ্রমিক ও কৃষকদের কল্যাণে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। একইসঙ্গে কৃষকদের জন্য বিশেষ কার্ড চালুর কাজও এগিয়ে চলছে।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করেন। কিন্তু অনেক জায়গায় তারা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি সুবিধা পান না। এ সমস্যা মোকাবিলায় খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, কৃষক ও শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। কৃষক-শ্রমিকের ভাগ্য বদলাতে পারলে বাংলাদেশও উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

পূর্ববর্তী শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, অতীতে স্বৈরাচারী শাসকগোষ্ঠী শ্রমজীবী মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে খেলেছে। সেই সময়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে দুর্বল করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এসব কারখানা সচল করা হবে, যাতে শ্রমিকরা পুনরায় কর্মসংস্থানের সুযোগ পান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবনযাত্রা উন্নত হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD