ব্যাংক লুটেরাদের হাতে গেলে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা: আখতার

ব্যাংক খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারকারীদের পুনরায় মালিকানা দেওয়ার উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
বিজ্ঞাপন
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও ঝুঁকির মুখে পড়বে এবং এর সবচেয়ে বড় প্রভাব পড়বে শ্রমজীবী মানুষের ওপর।
শুক্রবার (১ মে) রাজধানীর শাহাবাগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেন, বর্তমানে দেশের অর্থনীতি সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যেই যারা অতীতে ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, মাত্র সাড়ে ৫ শতাংশ অর্থ পরিশোধ করে যদি তারা পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তবে ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ও লুটপাট আবারও ঘটার ঝুঁকি থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে অর্থনীতির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে, বিনিয়োগ কমে যাবে এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। ফলে শ্রমিকদের আয় কমে যাওয়ার পাশাপাশি তাদের জীবনমান আরও অবনতি ঘটবে।
বিজ্ঞাপন
শ্রমিকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আখতার হোসেন বলেন, দেশের অধিকাংশ শ্রমিক এখনো ন্যূনতম মজুরির নিচে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের পরিবারের সন্তানরা শিক্ষা ও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে এই পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম শ্রমজীবী অবস্থাতেই থেকে যাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, যারা অতীতে ব্যাংক খাতকে দুর্বল করেছে, তাদের হাতে আবার নিয়ন্ত্রণ তুলে দেওয়া মানে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।
বিজ্ঞাপন
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ অন্যান্য নেতারা।








