উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে আজ রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে প্রথম ধাপে এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলটির অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
বিজ্ঞাপন
নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রবিবার বিকেলে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি।
এদিকে গণমাধ্যমে পাঠানো এনসিপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়াও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা এনসিপির সাংগঠনিক তৎপরতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন রাজনৈতিক দল হিসেবে স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করতে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার কৌশল নিয়েছে দলটি।
দলটির নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিয়ে প্রার্থী বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।








