ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির

দেশজুড়ে হাম মহামারীতে চার শতাধিক শিশুর মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউনূস সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছে দলটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে নেতারা অভিযোগ করেন, সময়মতো টিকা সংগ্রহ ও কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “চার শতাধিক শিশুর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এর দায় নিতে হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় টিকা সংগ্রহে গাফিলতি করা হয়েছে। তাঁর ভাষায়, “জনগণের জীবনের চেয়ে সরকার অন্য খাতে বেশি মনোযোগ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহেলার কারণে সময়মতো টিকা আনা সম্ভব হয়নি।”
রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “এমন কথাও শোনা যাচ্ছে, ইউনিসেফ থেকে টিকা কিনলে কমিশন পাওয়া যেত না, তাই কেনা হয়নি—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
সমাবেশে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল সভাপতিত্ব করেন। বক্তারা হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং দ্রুত ও কার্যকর টিকাদান কর্মসূচি জোরদারের আহ্বান জানান।
বিজ্ঞাপন
সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ১৯ মে’র মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে অবস্থান কর্মসূচি ও ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়।








