Logo

আমরাও একটি কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ২১:৫৯
আমরাও একটি কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

কৃষকবান্ধব নীতির বাস্তব প্রয়োগ না হলে সরকারের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আমরাও একটি কার্ড এনেছি—লাল কার্ড। কৃষকের স্বার্থ রক্ষা না হলে এই লাল কার্ড দেখানো হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে। শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, অতীতে স্মার্ট কার্ড প্রকল্পের নামে বিপুল অর্থ অপচয় হয়েছে। বর্তমানে নতুন করে খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হলেও এগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ সময় তিনি বলেন, আমরাও একটি কার্ড এনেছি—লাল কার্ড। কৃষকের স্বার্থ রক্ষা না হলে এই লাল কার্ড দেখানো হবে।

এনসিপির এই নেতা আরও বলেন, সরকারকে কৃষকদের জন্য একটি সুস্পষ্ট অ্যাকশন প্ল্যান প্রকাশ করতে হবে। সেখানে কৃষকের জমি, বসতভিটা ও উৎপাদন নিরাপত্তা নিশ্চিতের বিষয়গুলো থাকতে হবে। একই সঙ্গে ইউনিয়নভিত্তিক গুদামঘর স্থাপনের দাবি জানান তিনি, যাতে কৃষক ধান সংরক্ষণ করে ন্যায্য সময়ে বিক্রির সুযোগ পান।

বিজ্ঞাপন

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে “মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে”, যার কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচনের আগে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কৃষক সেই সুবিধা পাচ্ছেন না। তার মতে, উৎপাদন ব্যয় বাড়লেও ধানের দাম আগের মতোই থাকায় কৃষকরা লোকসানের মুখে পড়ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কৃষক কার্ড চালু হলেও সংকটের সময়ে তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে কৃষক সরাসরি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, কৃষকদের প্রকৃত সহায়তা দিতে হলে মধ্যস্বত্বভোগী নির্ভর ব্যবস্থা ভেঙে সরাসরি কৃষকের হাতে সহায়তা পৌঁছে দিতে হবে। তিনি সরকারের প্রতি কৃষি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

সেমিনারে বক্তারা অসময়ের অতিবৃষ্টি, ধান ক্রয়ে সরকারি শর্ত, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কৃষি খাতকে টিকিয়ে রাখতে হলে শুধু ঘোষণা নয়, বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD