Logo

ডিয়ার মাশরাফী, স্যরি ভাই: ফেসবুক পোস্টে সারজিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৩:৪৬
ডিয়ার মাশরাফী, স্যরি ভাই: ফেসবুক পোস্টে সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়ে ২ লাখ ৭৯ হাজার ৭০২টি, যা প্রায় ৮৮ শতাংশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাশরাফী বিন মর্তুজা পান ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।

বিজ্ঞাপন

এই ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, “যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোটে জয়ী হয়ে এমপি হলেন, সেদিনই নড়াইলের বাইরে নিজের কবর আপনি নিজেই খুঁড়েছিলেন ভাই।”

তিনি আরও লেখেন, ২০২৪ সালের নির্বাচন থেকে মাশরাফী চাইলে সরে দাঁড়াতে পারতেন, কিন্তু তিনি তা না করে নির্বাচন করেন এবং পরে হুইপের দায়িত্ব নেন।

বিজ্ঞাপন

পোস্টে সারজিস আলম মন্তব্য করেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে থাকা আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়লেন, সেদিনই ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে যায়।”

পোস্টের শেষে তিনি লেখেন, “স্যরি ভাই।”

এ পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে মাশরাফী বিন মর্তুজার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD