ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামও বৈঠকে অংশ নেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। একই সঙ্গে দেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ও আলোচনায় উঠে আসে।
বিজ্ঞাপন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক অবস্থানের কথা জানান উভয় পক্ষ।
বৈঠক শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।








