Logo

জয় বাংলা স্লোগানেই সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ বিদায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ২০:৪৬
জয় বাংলা স্লোগানেই সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ বিদায়
ছবি: সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে ঘিরে স্লোগান ও মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে তোলার সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় “বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”—এমন নানা স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে।

নেতাকর্মীরা মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যান। এ সময় মাঠের মূল ফটকে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পরে অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা দিলে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে নগরীর জিইসি মোড়ের দিকে চলে যান।

বিজ্ঞাপন

এর আগে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একজন নেতা। তিনি বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মহানগর বিএনপি, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শোক প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মোশাররফ হোসেনের অবদান চট্টগ্রামবাসী দীর্ঘদিন মনে রাখবে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফজলুল হক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জননেতা। রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকলেও ব্যক্তিগতভাবে তিনি ছিলেন পরোপকারী ও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একজন মানুষ। চট্টগ্রামের উন্নয়নে তার অবদান রয়েছে। তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD