‘আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া কোনো চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তিনি বলেন, অত্যন্ত দায়িত্ব নিয়েই বলছি তৎকালীন সরকারের কোনো প্রতিনিধি এ বিষয়ে আমাদের সঙ্গে একটি শব্দও উচ্চারণ করেননি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, পদ্মা ব্যারাজ উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে সেটি যেন তিস্তার বিকল্প হিসেবে না আসে। তার ভাষ্য, তিস্তার ন্যায্য হিস্যা তিস্তাকেই দিতে হবে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর বাইরে জামায়াত অন্য কিছু চায় না।
বিজ্ঞাপন
তিনি জানান, সংসদের ভেতরেও একই অবস্থানের কথা তিনি তুলে ধরেছেন এবং এ বিষয়ে দলের অবস্থান একেবারেই স্পষ্ট।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, তাদের দল সবসময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করে। গণতান্ত্রিক উপায়ে দেশের নেতৃত্ব পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ায় অতীতের সব নির্বাচনে অংশ নিয়েছে দলটি। এবারও স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটি শেরপুরে এবং অন্যটি বগুড়ায়। সেসব নির্বাচনের পরিস্থিতি দেখে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে নিজেদের ভোটাধিকার রক্ষায় আরও সচেতন ও সোচ্চার হতে হবে। তার মতে, জনগণের ম্যান্ডেটই সব সমস্যার সবচেয়ে বড় সমাধান। জনগণ জেগে উঠলে পরিস্থিতিও বদলে যায়।








