সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিজ্ঞাপন
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে তাসনিম সিনহা এবং সফরসঙ্গী আনোয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ী ও লৌহজং) আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। সর্বশেষ ২০২৫ সালে তাকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার বাবা হামিদুর রহমান সিনহা দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ACME Laboratories–এর প্রতিষ্ঠাতা ছিলেন।
১৯৬৪ সালে ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৭৫ সালে পারিবারিক ব্যবসা ACME Group–এ যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে জয়ী হন। ২০২০ সালে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পরে আবার দলীয় দায়িত্বে ফেরেন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও দানশীলতার জন্যও এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা।








