Logo

কারিনা কায়সার জুলাই বিপ্লবে ছিলেন নির্ভীক কণ্ঠস্বর : নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১২:২১
কারিনা কায়সার জুলাই বিপ্লবে ছিলেন নির্ভীক কণ্ঠস্বর : নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম লিখেন, ‘জুলাই বিপ্লবে আমাদের রাজপথের সহযোদ্ধা, বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর এই আপসহীন ও সাহসী অবস্থান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।

নাহিদ ইসলাম বলেন, ‘কারিনা কায়সারের আকস্মিক মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তার শোকাহত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দান করেন।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD