Logo

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৪:২৬
ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তির দাবিতে ঢাকায় ঝটিকা মিছিল হয়েছে। মিছিল চলাকালে তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের প্রধান সড়কে এ মিছিল বের করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে গুলশান ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, ‘প্রগতিশীল নাগরিক সমাজ’ ব্যানারে ১০ থেকে ১৫ জনের একটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের হাতে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্ল্যাকার্ড ছিল। তারা হামে শিশুমৃত্যু ও সংশ্লিষ্ট বিষয়ে দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।

পরে ওই এলাকায় উত্তেজনা তৈরি হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ব্যানার ও ফেস্টুনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও দেখা যায়।

বিজ্ঞাপন

মিছিল শেষে সরে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচির তথ্য পুলিশের কাছে আগে থেকে ছিল না। ব্যানারে ভিন্ন ধরনের লেখা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD