Logo

মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৯:০৩
মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি দাবি করেছেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করে দিতে পারে, যার উদাহরণ শেখ হাসিনা ও তার পরিবার।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সোহেল তাজ।

পোস্টে তিনি বলেন, একজন ব্যক্তির ইগো বা অহংকার কীভাবে একটি দেশ এবং একটি দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।

বিজ্ঞাপন

সম্প্রতি শেখ হাসিনার চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে সোহেল তাজ বলেন, গণহত্যা, গুম, হত্যা, দুর্নীতি, গণতন্ত্রকে ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং আওয়ামী লীগকে ধ্বংসের অভিযোগের পর দেশ ছেড়ে চলে গিয়ে এখন দেশে ফেরার ঘোষণা দেওয়া রাজনৈতিক ভণ্ডামির শামিল। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আরও বিপদের মুখে ফেলতে পারে।

তানজিম আহমেদ সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে একই আসন থেকে পুনর্নির্বাচিত হন।

বিজ্ঞাপন

২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD