Logo

১৪৪ ধারার মধ্যেই বিক্ষোভ করতে যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৬:৫১
১৪৪ ধারার মধ্যেই বিক্ষোভ করতে যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতারা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে ১৪৪ ধারা জারির মধ্যেই জেলা অভিমুখে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটি কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপি হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এর পর একই স্থানে বিএনপি ও ছাত্রদলও কর্মসূচির ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্তের পরও কর্মসূচিতে অংশ নেওয়ার অবস্থানে অনড় রয়েছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা।

বিজ্ঞাপন

অন্যদিকে, দলটির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ আরও কয়েকজন নেতা আগেই হবিগঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছেন, কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের খুব কাছাকাছি অবস্থান করছেন। তবে ১৪৪ ধারা বহাল থাকায় কর্মসূচি কীভাবে পালন করা হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

তিনি বলেন, কেন্দ্রীয় আহ্বায়কসহ শীর্ষ নেতারা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এবং কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে এনসিপি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে বলে দাবি করে দলটি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং পুলিশের নিরাপত্তায় তারা রাতেই হবিগঞ্জ ত্যাগ করেন।

পরদিন একই জেলায় নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর প্রশাসন ১৪৪ ধারা জারি করলে পুরো জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে এনসিপির কর্মসূচি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD