Logo

হবিগঞ্জে গিয়ে মামলা করেই ফিরব: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৯:২৫
হবিগঞ্জে গিয়ে মামলা করেই ফিরব: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মামলা দায়ের না করে তারা ফিরবেন না। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ বাধা দিলেও তারা অবস্থান চালিয়ে যাবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকায় এনসিপির নেতাকর্মীদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ। এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও তাদের গাড়িবহর থামিয়ে দেওয়া হয়। পরে দীর্ঘ সময় পুলিশের সঙ্গে আলোচনা হলেও নেতাকর্মীদের এগোতে দেওয়া হয়নি। একপর্যায়ে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সড়কে বসে অবস্থান নেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে আগের দিনের হামলার প্রতিবাদে তাদের কর্মসূচি ছিল। প্রথমে মৌলভীবাজারে এবং পরে বিভিন্ন স্থানে বালুবাহী ট্রাক ও ট্রাক্টর দিয়ে পথরোধ করা হয়। শেষ পর্যন্ত মিরপুর এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। তার অভিযোগ, তাদের পেছনে বিপুলসংখ্যক ছাত্রদলের নেতাকর্মী অবস্থান করছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৪৪ ধারা জারি থাকায় তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু মামলা করতে, আহতদের দেখতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসতে চেয়েছিলেন। প্রয়োজন হলে পুলিশের নির্ধারিত সংখ্যক প্রতিনিধিই সেখানে যাবেন বলেও তারা প্রস্তাব দেন। কিন্তু তাতেও অনুমতি দেওয়া হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, যেখানে তারা অবস্থান করছেন সেখানে ১৪৪ ধারা কার্যকর নেই। এরপরও পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে রেখেছে। তিনি বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি হবিগঞ্জে মামলা করতে। মামলা করেই ফিরব।”

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে এনসিপির গাড়িবহর থামিয়ে দেয় পুলিশ। সে সময় নাহিদ ইসলাম ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাকর্মীদের অগ্রযাত্রা সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD