নাসীরুদ্দীনকে ছাড়া কর্মসূচি করলে সহযোগিতা করবে বিএনপি: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, এনসিপির অন্য নেতারা দেশের যেকোনো স্থানে কর্মসূচি পালন করলে বিএনপি তাদের সহযোগিতা করতে প্রস্তুত।
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে না নিয়ে এনসিপি দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করলে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তবে তার ভাষ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে বিভিন্ন এলাকায় উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, বিরোধী দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার সবার রয়েছে। কিন্তু রাজনৈতিক বক্তব্য এমন হওয়া উচিত, যা উত্তেজনা বা সংঘাতের পরিবেশ সৃষ্টি না করে।
বিজ্ঞাপন
এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক সফরের প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির কয়েকজন নেতা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার দাবি, ঝিনাইদহের মানুষ এসব বক্তব্য ইতিবাচকভাবে নেয়নি।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি বিরোধী রাজনীতি করে, সেটিকে বিএনপি স্বাভাবিকভাবেই গ্রহণ করবে। তবে রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহনশীল, বিনয়ী ও আন্তরিক নেতা হিসেবে উল্লেখ করে বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলের উচিত তার রাজনৈতিক আচরণ থেকে শিক্ষা নেওয়া।
বিজ্ঞাপন
এ সময় তিনি দাবি করেন, ঝিনাইদহ জেলার উন্নয়নে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শুধু নিজের নির্বাচনী এলাকা নয়, জেলার প্রতিটি উপজেলার উন্নয়নে তিনি কাজ করছেন বলেও উল্লেখ করেন রাশেদ খান। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিপির প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, দেশের যেখানেই রাজনৈতিক কর্মসূচি পালন করা হোক না কেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি পরিচালনা করলে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদসহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।








