চার রুটে লংমার্চ, কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের

গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে সোমবার রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে কর্মসূচির প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
চারটি লংমার্চের কর্মসূচি
বৈঠকে জানানো হয়, গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। এর লক্ষ্য হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঘোষিত কর্মসূচি অনুযায়ী— ৫ সেপ্টেম্বর: ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, ১৯ সেপ্টেম্বর: ঢাকা-রংপুর লংমার্চ, ১০ অক্টোবর: ঢাকা-খুলনা লংমার্চ এবং ২৪ অক্টোবর: ঢাকা-সিলেট লংমার্চ।
বিজ্ঞাপন
এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে আয়োজন করা হবে। চারটি লংমার্চের কর্মসূচি শেষ হওয়ার পর আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গুরুত্ব
বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বিজ্ঞাপন
পাশাপাশি লংমার্চের আওতাভুক্ত এলাকার সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহানসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম এবং বিভিন্ন অঞ্চল ও অঙ্গসংগঠনের নেতারাও বৈঠকে অংশ নেন।
লংমার্চ কর্মসূচিকে ঘিরে মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নির্ধারিত কর্মসূচিগুলো সমন্বিতভাবে বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।








