জামায়াতে ইসলামীর নেতৃত্বে একদিন বাংলাদেশ পরিচালিত হবে

বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বুধবার (২৬ আগস্ট) ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামীর প্রতি জনগণের বাড়তে থাকা সমর্থনে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকে দলটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না।
তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটি আদর্শিক দল হিসেবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি কাজ করছে।
দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো বিষয়ে জামায়াতে ইসলামী আপস করেনি, ভবিষ্যতেও করবে না বলে দাবি করেন তিনি। সংসদের বিরোধীদল হিসেবে জনগণের বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি সরকার এসব দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের কথাও বলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াতের এই নেতা আরও বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল সংগঠনকে আরও কার্যকর করা হচ্ছে। তার মতে, তৃণমূলই একটি আদর্শিক সংগঠনের মূল ভিত্তি। জনগণের সঙ্গে যাদের দৃঢ় সম্পৃক্ততা রয়েছে, তাদের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।
শিক্ষাশিবিরে উপস্থিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের উদ্দেশে হামিদুর রহমান আযাদ আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এ কর্মসূচিতে অতীতের মতো সক্রিয় ভূমিকা রাখার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।








