Logo

বিরোধীদলের সবাই ওয়াকআউট করলেও বসেছিলেন হাসনাত আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৩
বিরোধীদলের সবাই ওয়াকআউট করলেও বসেছিলেন হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে বিরোধের জেরে সংসদ থেকে বেরিয়ে যান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা বেরিয়ে যাওয়ার পরও দুই সংসদ সদস্য এনসিপির হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা সংসদ কক্ষে অবস্থান করেন। পরে সাইদ উদ্দিন আহমাদ হানজালাও সংসদ কক্ষ ত্যাগ করেন। তবে শেষ পর্যন্ত সংসদ কক্ষে অবস্থান করেন হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটির সভাপতির পদে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি। এ বিষয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আপত্তি জানান। তাদের দাবি, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্বের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদ তাদের পাওয়ার কথা।

এ সময় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে কক্ষ ত্যাগ করলেও ওই সময় হাসনাত আবদুল্লাহ ও হানজালা সংসদ কক্ষেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কয়েক মিনিট পর হানজালাও সংসদ কক্ষ ত্যাগ করেন। এরপর সংসদ অধিবেশন যখন মুলতবি ঘোষণা করার প্রস্তুতি চলছিল, তখন হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেওয়ার জন্য সময় চান। সে সময় স্পিকারের আসনে ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। ফলে বিরোধী দলের অন্য সদস্যরা কক্ষ ত্যাগ করলেও শেষ পর্যন্ত সংসদ কক্ষে অবস্থান করেন হাসনাত আবদুল্লাহ।

এদিকে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে অংশ নিলে তাদের আসনের আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD