যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়: মামুনুল হক

দেশের বিদ্যমান রাজনৈতিক ও ক্ষমতার কাঠামো পরিবর্তন না হলে ভবিষ্যতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক, একপর্যায়ে তারা স্বৈরশাসকে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, সেই ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় গেলে শেষ পর্যন্ত একই ধরনের প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তার ভাষায়, ‘লঙ্কায় গেলেই হনুমান হবে। যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন।’
মামুনুল হক বলেন, শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামোতেও মৌলিক পরিবর্তন প্রয়োজন। রাজনৈতিক ব্যবস্থার সংস্কার ছাড়া ক্ষমতার পালাবদল হলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, সব রাজনৈতিক দল যদি এ দাবি থেকে সরে যায়, তাহলে প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই জনগণের কাছে গিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
বিজ্ঞাপন
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।
সমাবেশে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ও কোরআনের বাংলাদেশ হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানী। আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানী।








