Logo

নতুন বোতলে পুরোনো মদ, চেঞ্জ হচ্ছে শুধু সাইনবোর্ডটাই: নাজিবুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫১
নতুন বোতলে পুরোনো মদ, চেঞ্জ হচ্ছে শুধু সাইনবোর্ডটাই: নাজিবুর
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের সমালোচনা করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তার অভিযোগ, নাম পরিবর্তন হলেও প্রস্তাবিত আইনে র‌্যাবের পুরোনো কাঠামোই নতুন বাহিনীর মধ্যে বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬-এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাজিবুর রহমান বলেন, প্রস্তাবিত আইনে র‌্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি, দায় ও দায়িত্ব এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। তার মতে, এতে র‌্যাবের কাঠামোগত পরিবর্তন না হয়ে কেবল বাহিনীর নাম ও পরিচিতি বদলাবে।

বিলের ২৭ ধারার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘অর্থাৎ শুধু সাইনবোর্ডটাই চেঞ্জ হচ্ছে, নতুন বোতলে পুরোনো মদ। র‌্যাবের নাম ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। সব ঠিক থাকছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‌্যাবের অতীত ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের কথা উল্লেখ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ২০১৪ সালের নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র‌্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। ২০১৯ সালেও তিনি র‌্যাবকে ‘ক্যানসার’ আখ্যা দিয়ে একই দাবি করেন বলে উল্লেখ করেন নাজিবুর।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে র‌্যাব বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করেছিল। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও গুম কমিশনও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল বলে দাবি করেন তিনি।

এসআরবির জবাবদিহির ব্যবস্থাকেও ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেন নাজিবুর রহমান। তার বক্তব্য, নতুন বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য যে কমিটি থাকবে, সেখানে এসআরবির একজন অতিরিক্ত মহাপরিচালক চেয়ারম্যান এবং একজন পরিচালক সাচিবিক দায়িত্ব পালন করবেন। ফলে বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে স্বাধীনতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

তিনি বলেন, ‘একটা থানার বিরুদ্ধে অভিযোগ আসলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের অধীনে তদারকি করা হয়। কিন্তু এখানে (এসআরবি বিল) সেটাও মেনটেইন করা হচ্ছে না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

এসআরবির বিরুদ্ধে অভিযোগ তদন্তে বাহিনীর বাইরে স্বাধীন ব্যক্তিদের যুক্ত করার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি, ফৌজদারি আইনজীবী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাজিবুর রহমানের দাবি, এসব আপত্তি লিখিতভাবে সংসদীয় কমিটিকে জানানো হলেও বিলের মূল কাঠামোয় তা প্রতিফলিত হয়নি।

নিজ দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দক্ষ ও বিশেষায়িত বাহিনী গঠনের বিরোধিতা তারা করছেন না। তবে প্রশিক্ষণ ও জবাবদিহির কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন না এনে শুধু নাম বদলালে প্রত্যাশিত উদ্দেশ্য পূরণ হবে না।

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ পাস হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ করা বিলটি বিকেলে সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি অবিলম্বে বিবেচনার জন্য নেওয়ার বিষয়ে মতামত গ্রহণ এবং বিভিন্ন দফার সংশোধনী নিয়ে আলোচনা শেষে কণ্ঠভোটে তা পাস হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD