একদল চাঁদাবাজ ব্যক্তি চাঁদা নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে শফিকুর রহমান বলেন, মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ এবং সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির পোস্টে বলেন, এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আগে পরামর্শ করা হলে জনগণের সুবিধা-অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্ছেদ অভিযান আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
বিজ্ঞাপন
শফিকুর রহমানের ভাষ্য, সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। এ জন্য প্রয়োজন সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ।
ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও পোস্টে তুলে ধরেন তিনি। তিনি দাবি করেন, একদল অসাধু ব্যক্তি দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে এসব ব্যবসায়ীকে সেখানে ব্যবসার সুযোগ করে দিয়েছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শফিকুর রহমান আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সময় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক-কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়।’
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, ‘তবে ফ্যাসিবাদের দোসরদের কোন জায়গা নেই।’
শফিকুর রহমানের মিরপুর-সংক্রান্ত সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের মধ্যে এর আগেও রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠে এসেছে।









