এনসিপিতে যোগ দিলেন শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। যোগদানকারীদের একজন হাফেজ গোলাম কিবরিয়ার দাবি, তাদের সংখ্যা ৮০। তবে যোগদান অনুষ্ঠানে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরাও এনসিপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দলটিতে যোগ দেন তারা।
নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাফেজ গোলাম কিবরিয়া। তিনি বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ আরও কয়েকজন এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, আবার কেউ সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
হাফেজ গোলাম কিবরিয়া জানান, তাদের মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। অন্যরা উপস্থিত না থাকলেও তারাও দলটিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিবরিয়া বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই দলের সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করতে পারব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে কাজ করতে চাই। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলাম। জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলাম। তবে এখন নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি। আমার সঙ্গে অর্ধশতাধিক লোকও এনসিপিতে যোগ দিয়েছেন।’
বিজ্ঞাপন
জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক এনসিপি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে দেশের মানুষ নতুন রাজনৈতিক ধারা প্রত্যাশা করছে। এনসিপি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
শাহরিয়ার জুহিন আরও বলেন, এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দিনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এনসিপিকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে চান তারা।








