আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: ফয়জুল করীম

শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নীতির পরিবর্তন—এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেছেন, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়; বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চাই না।”
শুক্রবার (৩০ অক্টোবর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএমএ মিলনায়তনে আয়োজিত ষষ্ঠ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম। নগর সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।
বিজ্ঞাপন
ফয়জুল করীম বলেন, ভোট বেশি পাওয়া কিংবা কম পাওয়াকে সফলতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত নয়। আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। তাদের গড়ে দেওয়া পথ ধরে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সে ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তব্যে দেশের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ায় জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে, এ পরিস্থিতির পরিবর্তন জরুরি।
জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তি প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, এতে বাংলাদেশের স্বার্থ কতটা এবং ভারতের স্বার্থ কতটা, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
এ ছাড়া মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ফয়জুল করীম। একই সঙ্গে সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান এবং আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।
বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য ও ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এমএইচ মোস্তফা।
বিজ্ঞাপন
সম্মেলনে আগের সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন শওকত ওসমান, সহসভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিন।








