সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, গত বছর সরকারি ব্যয়ে কোনো হাজি হজে গিয়েছিলেন না এবং চলতি বছরও একই নিয়ম অনুসরণ করা হবে। এছাড়া, এ বছর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন বলে আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, গত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি উৎসাহ-অনুপ্রেরণা যুগিয়েছেন।
জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, “যৌক্তিক খরচে হজ পালনের জনআকাঙ্ক্ষা পূরণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে ২০২৫ সালে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়েছিল। এবছর বিমানভাড়া আরও ১৩ হাজার টাকা কমানো হয়েছে। গত দুই বছরে মোট ৪০ হাজার টাকার হ্রাস উল্লেখযোগ্য অর্জন।”
বিজ্ঞাপন
উপদেষ্টা আরও জানান, সরকারি মাধ্যমে হাজিদের হজের খরচ নির্বাহ শেষে গতবছর ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে হজ এজেন্সির অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে ফেরত এনে সংশ্লিষ্ট এজেন্সিকে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের হজে সরকারি ব্যয়ে কেউ যেতেন না এবং এ বছরও কাউকে নেওয়া হবে না।
এছাড়া গত হজে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিজস্ব চিকিৎসক ব্যতীত অন্য কাউকে টিমে অন্তর্ভুক্ত করেনি এবং টিম সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আজ মুসলমানদের ‘মুক্তির রাত’ শবে বরাত
২০২৫ সালের হজে তিনটি নতুন সেবা চালু করা হয়েছে—‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড। এবছর হজ প্যাকেজ তিনটি, যেখানে সীমিত আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি সাশ্রয়ী প্যাকেজ রয়েছে, যা মাত্র ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকায় পাওয়া যাবে।
উপদেষ্টা বলেন, হজ প্যাকেজ-৩ এর হাজিদের জন্য আবাসনের ব্যবস্থা হারাম শরীফ থেকে দেড় কিলোমিটারের মধ্যে করা হয়েছে, যাতে যাতায়াত সহজ হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সুবিধা হয়। এছাড়া সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মেডিকেল সার্ভিস বিনামূল্যে প্রদান করা হবে।
বিজ্ঞাপন
এছাড়া তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি। নবম ও তদূর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০ থেকে ২০ তম গ্রেডের ৩২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে।








