সব রেকর্ড ছাড়িয়ে রমজানে একদিনেই ৯ লাখের বেশি ওমরাহ পালন

পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড গড়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) হিজরি ১৪৪৭ সালের রমজানের চতুর্থ দিনে একদিনে ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ আদায় করেছেন। এ সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন
এর আগে গত বছর ৭ মার্চ একদিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ আদায়ের রেকর্ড হয়েছিল। চলতি বছর সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।
আরও পড়ুন: জেনে নিন ফিতরা আদায়ের সঠিক সময়
রমজানে মুসল্লিদের চাপ বেড়ে যাওয়ায় মসজিদুল হারাম এলাকায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরাহর আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে কাবাঘর ঘিরে থাকা সাদা মার্বেলের উন্মুক্ত অংশ ‘মাতাফ’ শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
জুমা, মাগরিব, এশা, তারাবিহ এবং রমজানের শেষ দশকের তাহাজ্জুদের সময় নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মুসল্লিদের খোলা চত্বর ও নির্ধারিত বিকল্প এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদের প্রবেশ ও প্রস্থানে নির্দিষ্ট দিকনির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। হাঁটার পথ, সড়ক ও চত্বরে জটলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ভিড় কমাতে কেন্দ্রীয় এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য শুধু পথচারীদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে এমন স্থানে গাড়ি পার্ক করলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা করা হচ্ছে।
মুসল্লিদের পরিবহন ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ১৪টি নির্ধারিত পার্কিং এলাকা থেকে পাবলিক বাসে করে মুসল্লিদের আনা-নেওয়া করা হচ্ছে।
বিজ্ঞাপন
অতিরিক্ত ভিড়ের সময় যারা মসজিদুল হারাম বা বাইরের চত্বরে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও প্রস্তুত করা নামাজ হলের দিকে পাঠানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের ইবাদতের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পবিত্র রমজানজুড়ে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা বহাল থাকবে।
বিজ্ঞাপন
সূত্র : খালিজ টাইমস








