আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হবে এই মহিমান্বিত রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হবে পবিত্র শবে কদর।
বিজ্ঞাপন
ইসলাম ধর্ম অনুযায়ী, মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন। পবিত্র এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে বর্ণনা করা হয়েছে। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও বরকত নাজিল হয় বলে বিশ্বাস করেন মুসলমানরা।
পবিত্র এই রজনীতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ ও বাসাবাড়িতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও দোয়া-মোনাজাতে সময় কাটাবেন। অনেক স্থানে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের আয়োজনও করা হয়।
বিজ্ঞাপন
বিশ্বাস করা হয়, পবিত্র রমজান মাসের এই রাতেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির পথনির্দেশনা হিসেবে পবিত্র আল-কোরআন নাজিল করেন। তাই কৃতজ্ঞতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে এ রাতে বিশেষ ইবাদতে মশগুল থাকেন মুসলমানরা।
পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। পাশাপাশি পত্রিকাগুলোতেও প্রকাশিত হবে এ রাতের তাৎপর্য নিয়ে বিশেষ নিবন্ধ।








