ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। গত কয়েক বছর রমজান ২৯ দিনেই শেষ হলেও এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
সম্প্রতি গালফভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।
বিজ্ঞাপন
স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে তিনি বলেন, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে।
ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: রোজা রাখা কি গর্ভবতী নারীর জন্য ফরজ?
বিজ্ঞাপন
এই কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে।
তবে চূড়ান্ত ঘোষণা আসবে সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় বিধান ও সরেজমিন পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ জানানো হবে।








