Logo

আজ শুভ মহালয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ১০:০৪
আজ শুভ মহালয়া
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শুভ মহালয়া আজ। মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণগণনা। একই সঙ্গে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হচ্ছে দেবীপক্ষের।

বিজ্ঞাপন

মহালয়া শুধু দেবী দুর্গার আবাহনের তিথি নয়, এদিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকেই নদী বা জলাশয়ে জল, তিল ও অন্ন নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে।

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ হলো মহালয়া। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ তিথিতে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান এবং মর্ত্যে আগমনের প্রস্তুতি শুরু করেন। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, বিশেষ পূজা এবং মহালয়ার ঘট স্থাপনের আয়োজন করা হয়। মূলত এই দিন থেকেই শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ ছড়িয়ে পড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।

পুরাণ অনুসারে, মহিষাসুর ব্রহ্মার বর পেয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে সে বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে সৃষ্টি হয় মহামায়া দেবী দুর্গার। দেবতাদের দেওয়া ১০টি অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। নয় দিনব্যাপী যুদ্ধের পর তিনি মহিষাসুরকে পরাজিত ও বধ করেন বলে পুরাণে বর্ণিত রয়েছে।

বিজ্ঞাপন

মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোরে চণ্ডীপাঠসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের আয়োজন করা হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস সাধন জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিন সনাতন ধর্মাবলম্বীরা পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যে পিতৃগৃহে আগমন করেন। এই আগমনকে ঘিরেই প্রতিবছর উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব।

রাজধানীর ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির এবং জয়কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD