জানা গেল ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ। তবে রমজানের শুরু এবং ঈদুল ফিতরের দিন—দুটিরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছরই আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন আগে রমজান মাস শুরু হয়। সেই হিসাবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মুসলমানরা রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
২০২৭ সালের রমজানকে সামনে রেখে বিভিন্ন মুসলিম দেশে আগামী কয়েক মাসের মধ্যে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও নির্দেশনা প্রকাশ করবে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এটিকে এখনই চূড়ান্ত তারিখ হিসেবে ধরা যাচ্ছে না। বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার পর রমজান শুরুর দিন এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।





