‘এটা কিছুই না’, সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের পর রাফসান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইফতেখার রাফসান, যিনি রাফসান দ্য ছোটভাই নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘদিনের পথচলার কথা তুলে ধরে তার পাশে থাকার বার্তা দেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। ঘটনার পর স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ঘটনার পর সালমানের প্রতি সমর্থন জানিয়ে রাফসান লেখেন, ‘বেড়ে ওঠার সময় থেকেই সালমান ভাইয়াকে আমি সব সময়ই অনুসরণ করেছি। একজন ভক্ত হিসেবে তার প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে তাকে দেখেছি। এরপর তাকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে, জীবনে অনেক কিছু অর্জন করতে দেখেছি। পরে বাস্তব জীবনেও তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্টুডিও ভাঙচুরের ঘটনায় নিজের ক্ষোভের কথাও জানান রাফসান। তিনি লেখেন, ‘এটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আপনি আপনার শ্রম, ঘাম আর ভালোবাসা থেকে স্টুডিওটি গড়ে তুলেছেন, এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন।’
বিজ্ঞাপন
সালমানকে সাহস জোগাতে রাফসান আরও লেখেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশাআল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।’
এদিকে সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আরও কয়েকজন তারকা ও কনটেন্ট ক্রিয়েটর। তারা ঘটনার নিন্দা জানিয়ে সালমানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।








