রাড্ডা টিকাকেন্দ্রে মিছিল কেন, বিএনপিকে প্রশ্ন তাসনিম জারার

এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকাদান চলার সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করেছেন। এতে টিকা নিতে আসা মা ও শিশুদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তাসনিম জারা।
তিনি লেখেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার সময় বিএনপির এক নেতা মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করেছেন। একটি টিকাকেন্দ্রে যাওয়ার জন্য মিছিলের প্রয়োজন কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
তাসনিম জারা বলেন, কোলে শিশু নিয়ে টিকা দিতে আসা মায়েদের সামনে রাজনৈতিক নেতাদের বড় মিছিল ও ভিড় তৈরি হলে তারা অস্বস্তি বা ভয় পেতে পারেন। টিকাদান কার্যক্রম যাতে বিঘ্নিত না হয়, সেদিকে রাজনৈতিক নেতাকর্মীদের নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতারা চাইলে স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন। তবে সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেভাবে যাওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই পোস্টে তাসনিম জারা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় তদন্তের দাবি জানান। তার ভাষ্য, বিএনপির একজন সংসদ সদস্যের বিরুদ্ধেও এ ঘটনায় অভিযোগ উঠেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তাসনিম জারা সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছিলেন। তিনি স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা, কথিত দখলদারদের রাজনৈতিক আশ্রয় এবং লুট হওয়া সরকারি টিকা ও টিকার রেজিস্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পরও সেখানে সীমিত পরিসরে টিকাদান ও অন্যান্য স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে। ধ্বংসস্তূপের পাশে বা সড়কে অস্থায়ীভাবে শিশুদের টিকা দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
তবে বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে টিকাকেন্দ্রে প্রবেশের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








