Logo

দিল্লিতে শেখ হাসিনার মৃত্যু, সত্যতা কতটুকু?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ২৪:৩৬
দিল্লিতে শেখ হাসিনার মৃত্যু, সত্যতা কতটুকু?
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নেত্রীর মৃত্যু নিয়ে নানা দাবি করা হলেও এখন পর্যন্ত সেগুলোর সত্যতা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। কেউ কেউ তার মৃত্যুর পর গায়েবানা জানাজার আয়োজনের কথাও প্রচার করছেন। তবে এসব দাবির পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

দিল্লির হাসপাতাল ও জানাজা নিয়ে নানা দাবি

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, দিল্লির রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে শেখ হাসিনার মৃত্যু হয়েছে। অন্য একটি পোস্টে বলা হয়, তার মৃত্যুর পর চাঁদপুরে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে এবং এ ঘটনায় একজন ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ফাহিম মিয়াজি নামের এক ফেসবুক ব্যবহারকারী দীর্ঘ একটি পোস্টে শেখ হাসিনার চিকিৎসা, সংশ্লিষ্ট হাসপাতাল এবং তার মৃত্যুর দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। পোস্টটির সঙ্গে কয়েকটি কথোপকথনের স্ক্রিনশটও যুক্ত করা হয়। এসব স্ক্রিনশটে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা দেখা যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এআই ভিডিও ও সম্পাদিত কনটেন্টে বিভ্রান্তি

শেখ হাসিনার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার মধ্যে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের উপস্থিতিও সামনে এসেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুর ঘোষণা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে প্রচারিত একটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

একই দিন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারও শেখ হাসিনার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভুয়া ফটোকার্ড, সম্পাদিত ভিডিও, এআই দিয়ে তৈরি অডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর পোস্টের বিষয়গুলো তুলে ধরা হয়।

১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর ঘিরেও আলোচনা

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না থাকায় ফেসবুকে প্রচারিত দাবিগুলোকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। যাচাইযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের খবর শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাই সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD